রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

কাক কখনো আর একটা কাককে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে, ছাত্ররা মেরে ফেলে আর এক ছাত্রকে

এ কেমন শিক্ষা অর্জন করছি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে?
ছাত্রকে পিটিয়ে মারার শিক্ষা কি দেয়া হয় কলেজ, বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজে?
দেশ পরিবর্তন, মানুষ পরিবর্তনের বুলিগুলো কি ফাঁকা বুলি হযে যাবে আজও।
তিরানব্বই সালে ফিডব্যাক এর মাকসুদ গানটা গেয়েছিলো।
আজও তা কতটা বাস্তব এই বাংলাদেশে।
আপনারাই বিচার করুন।


কোথাও রোমাঞ্চ নেই, খাঁটি করুণ বাস্তবতা এবং এই বাংলাদেশের কথা বিশ্ববিদ্যালয় সারারাত অবিরাম গোলাগুলি আর পরদিন বিভৎস মরদেহের দেখি প্রতিকৃতি তাই পত্রিকার আজ বাড়তি কাটতি শুনি প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি মিছিল শেষে পণ্ড হলো ভণ্ড শোকসভার তীব্র নিন্দা কড়া প্রতিবাদের তরল উৎকণ্ঠা সমবেদনার গভীর অভয় দেখি চলে প্রাগৈতিহাসিক ভাবধারা আর আমি শুনি মা-বোনের কান্না আর বাবার গোঙানি শুনি গুপ্ত প্রেমিকার আর্তনাদ আর নির্লজ্জ আস্ফালনে খুনিদের জয়ধ্বনি গঠিত হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি সৌজন্যমূলক সান্তনার সমিতি আর আমলাতন্ত্রের জটিলতার মুখে গণতন্ত্র কেন বিপদগামী উচ্চ পদস্থ তদন্ত কমিটি ন্যায় বিচার পাবার আশ্বাসের সমিতি আর ন্যায় বিচার যাতে কেউ না পায় রয়েছে উচ্চ পদস্থ তদবিরি ফটাশ করে ফাটলো খুলি আর এক তরুণীর ট্রাকের চাপাতলে মৃত্যুর বর্ণনা ভয়ঙ্করী তার বান্ধবীরা তুললো নতুন দাবী চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারাণ্টি পত্রিকাতে বান্ধবীদের শুধু কান্নার ছবি আর উত্তেজক স্মরণসভায় আছে কিছু ফাঁকা বুলি ট্রাকের মালিকরা রেখেছে জিম্মি কেন জবাব চাই নেতা-নেত্রী আর আমি শুনি মা-বোনের কান্না আর বাবার গোঙানি শুনি গুপ্ত প্রেমিকার আর্তনাদ আর নির্লজ্জ আস্ফালনে খুনিদের জয়ধ্বনি গঠিত হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি সৌজন্যমূলক সান্তনার সমিতি আর স্বর্গের নাম পাল্টে স্মরণ করি হয়ে গেছে যারা প্রাণহানি উচ্চ পদস্থ তদন্ত কমিটি এ মিথ্যো আশার আশ্বাসের সমিতি আর সত্য মিথ্যা বেঁচে রবে জানবে কখনো বাঙালি উচ্চ পদস্থ তদন্ত কমিটি বিরানব্বই এর একুশে জুনে প্রেসক্লাব অভ্যন্তরে বেত্রাঘাত, রাইফেল বাট আর কাঁদুনে গ্যাসে বজ্রকণিকার ঠা ঠা পড়লো মুক্তচিন্তার মন্দিরে মন্ত্রী মহোদয়ের অসীম দয়ায় সাংবাদিক হাসপাতালে শত্রু-মিত্র ভাগ করে দুঃখ একই শয়ন কক্ষে আবার পত্রিকার আজ বাড়তি কাটতি আর মালিক পক্ষ পাজেরো জিপে আমি শুনি মা-বোনের কান্না আর বাবার গোঙানি শুনি নিস্পাপ শিশুর আর্তনাদ আর নির্লজ্জ আস্ফালনে পুলিশের বাড়াবাড়ি গঠিত হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি আর দৃষ্টান্ত কখনো চোখে দেখিনি, আশাও করি নি উচ্চ পদস্থ তদন্ত কমিটি উচ্চপদে গালাগালি আর দলাদলী আর গণতন্ত্রের নামে হচ্ছে ডাকাতি দোহাই তোমার মুক্ত বাজারের অর্থনীতি আর এই প্রচণ্ড দলনে ছেড়ে দাও আমাদের, আমরা অনেক দেখেছি আমরা অনেক দেখেছি। আমরা অনেক দেখেছি।

সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

শুদ্ধ উচ্চারণ বিষয়ক বক্তৃতা : মধ্য ‘অ’ এর সূত্র - অধ্যাপক নরেন বিশ্বাস

পর্ব : চার এবার মধ্য - অ এর সূত্রাবলী অনেকদিন পর স্যারকে আজ বেশ ফ্রেশ দেখাচ্ছে। চুল-দাড়ি ছোট করে ছেঁটে পাঞ্জাবীর বদলে হাফ শার্ট পরে ফিটফাট হয়ে এসেছেন। কাঁধের ঝোলাটিও উধাও। তবে পায়ের স্যাণ্ডেল আগেরটিই আছে।গাম্ভীর্য ভেদ করে দাঁড়িয়ে পড়লেন। কোমল হাসি সারা মুখমণ্ডলে। চেয়ারে বসে থেকেই বলতে শুরু করলেন, আদ্য-অ-এর পর আজ আলোচনা করবো মধ্য-অ- এর সূত্র। নড়েচড়ে বসলাম। উচ্চারণ সম্পর্কে যে ভীতি ছিল, তা কেটে গেছে কবে। এখন উচ্চারণের সূত্র শুনতে শুনতে মজার নেশায় পেয়ে বসেছে যেন। আদ্য-অ-এর নিয়মকানুন ঠোঁটের আগে ঝুলে থাকছে সবসময়। একজন আরেকজনকে উচ্চারণ দিয়ে ঠকানোর খেলা জমে উঠেছে এই ক’দিনে। স্যার গলা চড়ালেন আরো একটু। এখন যেটি আলোচনা করবো, তাকে তোমরা মূল সূত্র না বলে প্রাসঙ্গিক সূত্র বলতে পারো। এই সূত্রটি হলো : যে সকল কারণে শব্দের আদ্য-অ, ও-কারন্ত উচ্চারিত হয়, তার সবগুলি সূত্রই মধ্য-অ এর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। যেমন- ই-কার আদ্য-অ-এর ক্ষেত্রে মতি (মোতি) মধ্য-অ-এর ক্ষেত্রে সুমতি (সুমোতি) দুর্মতি (র্দুমোতি) অগতি (অগোতি) প্রগতি (প্রোগোতি) কুমতি (কুমোতি) উ-কার/ঊ-কার/ঋ-কার আদ্য-অ-এর ক্ষেত্রে তনু (তোনু) ময়ুর (মোয়ুর) মধ্য-অ-এর ক্ষেত্রে সুতনু (সুতোনু) সুমধু (সুমোধু) পথতরু (পথোতোরু) পুত্রবধু (পুত্ত্রোবোধু) মনময়ুর (মনমোয়ুর) সুমসৃন (সুমোস্সৃন) অমসৃন (অমোস্সৃন) ঈ-কার আদ্য-অ-এর ক্ষেত্রে ননী (নোনি) মধ্য-অ-এর ক্ষেত্রে জননী (জনোনি) ধরনী (ধরোনি) সরণী (সরোনি) বরনী (বরোনি) ঘরনী (ঘরোনি) য-ফলা বিলুপ্ত আদ্য-অ-এর ক্ষেত্রে পর্যায় (র্পোযায়) মধ্য-অ-এর ক্ষেত্রে আশ্চর্য (আশ্চোরযো) ঐশ্বর্য (ঐর্শোযো) সৌন্দর্য (সৌর্ন্দোযো) সুমি চুপচাপ বসে স্যারের বক্তৃতা শুনতে অভ্যস্ত। কোনদিন একটি কথাও বলে না। সেজন্য কারও নজরে পড়েনি সে। আমরাও তাকে খুব একটা খেয়াল করিনি কোনদিন। আজ দুম্ করে প্রশ্ন করলো, স্যার, আদ্য-অ-এর সূত্র অনুযায়ী মধ্য-অ তেও একই নিয়ম প্রযোজ্য হলে আলাদাভাবে আলোচনা করার আর দরকার কি? বললেই হতো, আদ্য, মধ্য এবং অন্ত সকল অ-এর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। আলাদা আর কোন সূত্র নেই। স্যার একটু থমকে গেলেন। পর মুহূর্তেই খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, এই মেয়ে, বোকার মতো কথা বলোনাতো! তোমাকে কে বলেছে, মধ্য-অ-এর ক্ষেত্রে কোন মৌলিক সূত্র নেই? এর পরইতো সেই আলোচনায় আসব। সুমি এদিক ওদিক তাকিয়ে চুপ্সে গেল একটু। কোন কথা না বলে হাবার মতো চুপচাপ তাকিয়ে থাকলো স্যারের দিকে। একটু মায়ামাখা সুরে স্যার বললেন, সে যাকগ্, এবার আমরা মধ্য-অ-এর মৌলিক সূত্র আলোচনা করবো। সূত্র : এক তিনবর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি অ-কারান্ত, আ-কারান্ত, এ-কারান্ত কিংবা ও-কারান্ত হয়, তাহলে মাঝখানের অ-কারান্ত বর্ণটি সাধারণত ও-কারান্ত উচ্চারিত হয়। এখানে লক্ষ্যণীয় যে, শর্ত চারটি হলো : অ-কারান্ত, আ-কারান্ত, এ-কারান্ত, ও-কারান্ত। আদ্য বর্ণ অ-কারান্ত অমন (অমোন্) গঠন (গঠোন্) যখন (যখোন্) তখন (তখোন্) পঠন (পঠোন্) ফসল (ফসোল্) ফলন (ফলোন্) কলম (কলোম্) মশক (মশোক্) দলন (দলোন্) মলন (মলোন্) শতক (শতোক্) যতন (যতোন্) রতন (রতোন্) আদ্য বর্ণ আ-কারান্ত আমন (আমোন্) কাজল (কাজোল্) আসল (আসোল্) কাগজ (কাগোজ্) পাগল (পাগোল্) ছাগল (ছাগোল্) জাগর (জার্গো) নাগর (নার্গো) সাগর (সার্গো) আসন (আসোন্) বাসন (বাসোন্) আদ্য বর্ণ এ-কারান্ত চেতন (চেতোন্) বেতন (বেতোন্) কেতন (কেতোন্) লেহন (লেহোন্) শেখর (শের্খ) কেশর (কের্শো) আদ্য বর্ণ ও-কারান্ত ওজন (ওজোন্) ভোজন (ভোজোন্) শোধন (শোধোন্) বোধন (বোধোন্) তোষণ (তোষোন্) লোচন (লোচোন্) রোচন (রোচোন্) দীপু বরাবরই বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে, আজকেও সুযোগ নিল। ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার, এই নিয়মগুলো কি সবক্ষেত্রেই প্রযোজ্য, নাকি কোন ব্যতিক্রমও আছে? চোখ বন্ধ করে পান চিবোতে শুরু করেছিলেন স্যার। যেন ঘুম থেকে উঠলেন, এমনভাবে চোখ মেলে চাইলেন দীপুর দিকে। পান চিবোতে চিবোতে বলতে লাগলেন, হ্যাঁ, হ্যাঁ দীপু ঠিক সময়ে প্রশ্নটি করে আমাকে বাঁচিয়েছে। ব্যতিক্রম অবশ্যই আছে। কোথায় ব্যতিক্রম হয়, সে ব্যাপারটি তোমরা এবার লিখে নাও। তিনবর্ণে গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি না বোধক অ-হয়, কিংবা সহিত অর্থে স-হয়, তাহলে মাঝখানের অ-কারান্ত বর্ণটি ও-কারান্ত উচ্চারিত না হওয়াই বাঞ্ছনীয়। যেমন : অচল (অচল্) অজর (অর্জ) অমর (অর্ম) অমল (অমল্) অবশ (অবশ্) অবলা (অবলা) সরস্ (সরস্) সরব (সরব্) সফল (সফল্) সজল (সজল্) অটল (অটল্) অচল (অচল্) সুমন ঢুকলো গরম চায়ের গ্লাস হাতে। সেদিকে স্নিগ্ধ দৃষ্টি মেলে তৃপ্তির হাসি দিলেন স্যার ছোট্ট করে। চায়ের গ্লাসে সশব্দে চুমুক দিয়ে উঠে দাঁড়ালেন আবার। গ্লাস হাতে হাঁটতে হাঁটতে মধ্য -অ-এর দ্বিতীয় ও শেষ সূত্র লেখার নির্দেশ দিয়ে বলতে শুরু করলেন। সূত্র : দুই একাধিক সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ সমাসবদ্ধ পদে পরিণত হলে, পূর্বপদের শেষের অ-কারান্ত বর্ণটি ও-কারান্ত উচ্চারিত হয়। যেমন : পথ (পথ্) থেকে পথচারী (পথোচারি) মেঘ (মেঘ্) থেকে মেঘমালা (মেঘোমালা) জল (জল্) থেকে জলচর (জলোচর) শ্রম (শ্রম্) থেকে শ্রমমন্ত্রী (শ্রমোমোন্ত্রি) বন (বন্) থেকে বনভূমি (বনোভুমি), বনচারী (বনোচারি), বনবাসী (বনোবাসি) লোক (লোক্) থেকে লোকসাহিত্য (লোকোসাহিত্ত্য) গণ (গণ্) থেকে গণব্যবহার (গনোব্যবহার), গণনাট্য (গনোনাট্ট্য), গণনায়ক (গনোনায়ক্) চায়ের গ্লাসটি হাত থেকে চেয়ারের উপরে রেখে পাশের খালি চেয়ারটিতে ধপ্ করে বসে পড়লেন। দীপুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে রহস্যময় দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এবারো কিন্তু ব্যতিক্রম আছে। যেমন : রাজ (রাজ্) থেকে রাজহংস (রাজহংসো), রাজহাঁস (রাজহাঁস), রাজকন্যা (রাজকননা), রাম (রাম্) থেকে রামচন্দ্র (রামচন্দ্রো)

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

শুদ্ধ উচ্চারণ বিষয়ক বক্তৃতা : আদ্য ‘অ’ এর অবশিষ্ট সূত্রাবলী - অধ্যাপক নরেন বিশ্বাস


পর্ব : তিন

আদ্য ‘অ’ এর অবশিষ্ট সূত্রাবলী

আদ্য অ-এর দ্বিতীয় সূত্র : শব্দের প্রথমে যদি অ-কারান্ত বর্ণে র-ফলা যুক্ত হয়, তাহলে সাধারণত ও-কারান্ত উচ্চারিত হয়। 
যেমন : প্রথম (প্রোথোম্), প্রভাত (প্রোভাত্), ব্রত (ব্রোতো), শ্রম (শ্রোম্), ভ্রমণ (ভ্রোমোন্), ভ্রমর (ভ্রোর্মো), দ্রষ্টা (দ্রোষ্টা), স্রষ্টা (স্রোষ্টা)।
ব্যতিক্রম : র-ফলা যুক্ত বর্ণটির পরে যদি ‘য়’ আসে, তাহলে কিন্তু অ-কার ঠিক থাকে। যেমন : ক্রয় (ক্রয়), ত্রয় (ত্রয়), আশ্রয় (আস্স্রয়)।
উঠে পায়চারী করতে করতে স্যার আবার শুরু করলেন কথা। এখন যে সূত্রটি আলোচিত হবে সেটি তোমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই অপরিহার্য। এটি বাদ দিয়ে একটি দিনও তোমাদের চলবে না। সুতরাং এই সূত্রটির ব্যাপারে সচেতন থাকলে উচ্চারণের ক্ষেত্রে তোমরা বহু গুরুত্বপূর্ণ ত্রুটি সংশোধনের সুযোগ পাবে।

আদ্য অ-এর তৃতীয় সূত্র : সাধুভাষার পূর্ণাঙ্গ শব্দে কিংবা ক্রিয়াপদে ই-কার কিংবা উ-কার ছিল, চলিত ভাষার সংক্ষিপ্ত রূপে সেই ই-কার কিংবা উ-কার বিলুপ্ত হলেও তার আগের অ-কার প্রমিত উচ্চারণে ও-কারান্ত হয়ে থাকে। যেমন :
কলিকাতা থেকে কলকাতা (কোলকাতা)
হরিতকি থেকে হরতকি (হোরতোকি)
সজিনা থেকে সজনে (সোজনে)
ফড়িয়া থেকে ফড়ে (ফোড়ে)
বাড়িয়া থেকে বড়ে (বোড়ে)
ধরিয়া থেকে ধরে (ধোরে)
মরিয়া থেকে মরে (মোরে)
সরিয়া থেকে সরে (সোরে)
ধসিয়া থেকে ধসে (ধোসে)
পচিয়া থেকে পচে (পোচে)
গলিয়া থেকে গলে (গোলে)
পড়িয়া থেকে পড়ে (পোড়ে)
করিয়া থেকে করে (কোরে)
বসিয়া থেকে বসে (বোসে)
করিবে থেকে করবে (র্কোবে)
চলিবে থেকে চলবে (চোল্বে)
মরিবার থেকে মরবার (মোরবার)
ধরিবার থেকে ধরবার (ধোরবার)
একঘরিয়া থেকে একঘরে (এ্যাক্ঘোরে)
হলুদিয়া থেকে হলদে (হোল্দে)

এদিক ওদিক তাকিয়ে সামনে পেয়ে গেলেন জহিরকে। আঙুল তুলে প্রশ্ন করে বসলেন, আগের ক্লাসে আদ্য-অ এর তৃতীয় সূত্র আলোচনা করেছিলাম। জহির, তুমি বলোতো-সূত্রটি। জহির আম্তা আম্তা করে মাথা চুলকে বললো, চলিত ভাষার সংক্ষিপ্ত রূপে ই-কার বিলুপ্ত হলেও আগের অ-কার ও-কারান্ত হয়। দাড়ি গোঁফের ফাঁক গলিয়ে হাসি ফুটে উঠলো। চেয়ারে বসে চোখ বুজে জাবর-কাটার ভঙ্গিতে বলতে শুরু করলেন, কিন্তু সব জায়গাতে এই নিয়ম খাটবে না। এর ব্যতিক্রমও আছে। যেমন :
রইবে থেকে রোবে নয়, রবে
লইবে থেকে লোবে নয়, লবে
সইবে থেকে সোবে নয়, সবে
বইবে থেকে বোবে নয়, ববে
কইবে থেকে কোবে নয়, কবে
হইবে থেকে হোবে নয়, হবে।
কাকলি বললো, স্যার, এগুলো ছাড়া আর কোথাও ব্যতিক্রম ঘটবে না? চোখ মেলে তাকিয়ে স্থির দৃষ্টিতে বললেন, আরো কিছু থাকতেও পারে। তোমরা একটু খোঁজ করে দেখে নিও। সে যাকগে, এবারে নতুন নিয়ম বা সূত্রে প্রবেশ করছি।

আদ্য অ-এর চতুর্থ সূত্র : ১৯৩৬ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার সমিতির এক নম্বর নিয়মে বলা হলো, রেফ এর পর ব্যঞ্জনে কোন দ্বিত্ব হবে না। সুতরাং য-রেফ এর পর য-ফলা উঠে গেল। যেমন :
পর্য্যন্ত হয়ে গেল পর্যন্ত
কার্য্যালয় হয়ে গেল কার্যালয়
সূর্য্য হয়ে গেল সূর্য
বানান সংস্কার করা হলেও, উচ্চারণে কোন পরিবর্তন আনা হলো না। ফলে পূর্বের উচ্চারণটি অবিকৃত থেকেই গেল। কয়েকটি উদাহরণ দিলেই কিন্তু ব্যাপারটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে।
মূল বানান বর্তমান বানান উচ্চারণ
পর্য্যন্ত পর্যন্ত পোরজোনতো
পর্য্যায় পর্যায় পোরজায়
পর্য্যটন পর্যটন পোরজোটোন
পর্য্যালোচনা পর্যালোচনা পোরজালোচনা
পর্য্যবেক্ষণ পর্যবেক্ষণ পোরজোবেক্খোন 
মর্য্যাদা মর্যাদা মোরজাদা
চর্য্যাপদ চর্যাপদ চোরজাপদ

পায়চারী করতে করতে গলা চড়িয়ে দিলেন। এবারে আদ্য-অ এর পঞ্চম সূত্র সম্পর্কে বলবো। যদিও এটিকে ঠিক সূত্র বলা যাবে না, তবুও আমরা একটু নিয়মে ফেলে সমস্যার সমাধান করার চেষ্টা করবো।

আদ্য অ-এর পঞ্চম সূত্র : একাক্ষর বা এক অক্ষর বিশিষ্ট শব্দের শেষে যদি ‘ন’ থাকে, তাহলে সাধারণত পূর্বের অ-এর উচ্চারণ ও-কারান্ত হয়।
যেমন : মন (মোন), বন (বোন), জন (জোন) তবে বাংলাদেশে ধন উচ্চারণের ক্ষেত্রে ধোন্ না বলে ধন্ (অ-অবিকৃত) বলা হয় এবং জন এর ক্ষেত্রেও জোন না বলে জন্ (অ-অবিকৃত) বলা হয়ে থাকে। আবার যদি একাক্ষর শব্দের শেষে ন-এর পরিবর্তে ণ থাকে, তাহলে পূর্বের অ-টিকে অবিকৃত রেখে অ-কারান্ত উচ্চারণ করা হয়। যেমন- পণ, মণ, রণ, ক্ষণ ইত্যাদি।
একটানা পায়চারী করতে করতে কথাগুলি বলে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন স্যার। ডানগালের ভিতর পুরে রাখা ডাবল পানে জোরে জোরে কামড় দিতেই মুচমুচ শব্দের সাথে ঠোঁট রাঙা হয়ে উঠলো।
পানের রসে ভিজে থাকা গোঁফের অগ্রভাগ ডানহাতের উল্টোপিঠে মুছে নিলেন ধীরে ধীরে। চলতে চলতে আবার বলতে লাগলেন, এই একাক্ষরবিশিষ্ট শব্দগুলি যখন অন্য শব্দের সঙ্গে সন্ধির সূত্রে আবদ্ধ হয় কিংবা অন্য পদের সঙ্গে মিলিত হয়ে সমাসবদ্ধ হয়, তখন কিন্তু তার আসল উচ্চারণ অর্থাৎ অ-কারান্ত উচ্চারণের রূপেই ফিরে আসে। 
যেমন- 
মনান্তর-মনান্তর
মনোহর-মনোহর
মনোলোভা-মনোলোভা
মনোতোষিনী-মনোতোষিনি
মনোবিজ্ঞান-মনোবিগ্গাঁন
বনবাসী-বনোবাসি
বনমালী-বনোমালি
বনান্তর-বনান্তর
বনস্পতি-বনোশ্পোতি
ধনপতি-ধনোপোতি
ধনোহারী-ধনোহারি
ধনধান্য-ধনোধান্নো

আমাদের আদ্য-অ এর সূত্রের আলোচনা এখানেই শেষ হলো। তবে এই সূত্র বা নিয়মকে একমাত্র নিয়ম বা চিরাচরিত নিয়ম মনে করা উচিত নয়। কারণ মানুষের মুখের ভাষা বহমান, তা অনেক সময় পরিবর্তন হয় বলেই উচ্চারণের অনেক বিধিই পরিবর্তন হয়ে যায়। ব্যাকরণ আলোচনা, ধ্বনিতত্ত্ব আলোচনা বা ভাষাতাত্ত্বিক বিধান যতই দেয়া হোক না কেন, মানুষের মুখের ভাষার বহমানতাই হচ্ছে এর মূল নিয়ন্ত্রক।
(চলবে)

বুধবার, ১২ অক্টোবর, ২০১১

শুদ্ধ উচ্চারণ বিষয়ক বক্তৃতা : আদ্য ‘অ’ এর সূত্র - অধ্যাপক নরেন বিশ্বাস


পর্ব : ২

মানুষের মুখের ভাষা হচ্ছে জীবন্ত ও বহমান। আজকের মুখের ভাষার সঙ্গে শতবর্ষ পরের ভাষার কিছু পার্থক্য ঘটে যেতে পারে। সেজন্য আজকে আমি তোমাদের যে সূত্রের আলোচনা করবো তা একেবারে চরম সিদ্ধান্ত বলে ধরে নেয়া যাবে না। কারণ আজকের কোন সূত্র ভবিষ্যতে পরিবর্তন করার প্রশ্ন উঠতে পারে। তবে কিভাবে শব্দগুলোকে উচ্চারণ করলে প্রমিত উচ্চারণ পাওয়া যায় অথবা কোন ধারা অবলম্বন করলে ভুলের থেকে অব্যাহতি পাওয়া যায় সে সম্পর্কে একটি সুনির্দিষ্টি বিধি বা সাধারণ সূত্র নিয়ে আমার আজকের আলোচনা। তবে সূত্রগুলোকে কেবল মাথাতে বা খাতাতে লিখে রাখলে চলবে না। প্রতিদিনের কথাতে অনুশীলন করতে হবে। না হলে শুধু ব্যথাই বহন করতে হবে তোমাদের।
বাঙলা স্বরবর্ণের প্রথম বর্ণ হচ্ছে অ। এই অ কোথাও অবিকল অ-এর মতো, আবার কোথাও ও-এর মতো উচ্চারিত হয়ে প্রবল সমস্যার সৃষ্টি করে। অ-এর উচ্চারণের সমস্যার একটি সরল সমাধান করা গেলে বাংলা উচ্চারণের চল্লিশ ভাগ সমস্যার সমাধান আপনাতেই সম্ভব হয়। এখন এই অ-এর সূত্র কি সকল ক্ষেত্রে একরকম হবে?
আমরা মুখ চাওয়া চাওয়া করছি। স্যার ঠিক কি বলতে চান, তা বুঝতে পারছি না। আমাদের ভ্যাবাচ্যাকা ভাব লক্ষ্য করে গমগমে গলায় হাসতে হাসতে বললেন, অমন চুপচাপ না থেকে টুপটাপ করে উত্তর যদি না দাও, তাহলে বুঝবো যে, তোমাদের উৎসাহে দুদিনেই ভাটা পড়বে। আর তাতে একে একে ঝুপঝাপ ঝরে পড়বে উচ্চারণের ক্লাস থেকে। ঝন্টু প্রবল প্রতিবাদ করলো, না, স্যার, আমাদের খুব ভালো লাগছে। একজনও ঝরে পড়বে না, আমরা আপনাকে এই প্রতিশ্রুতি দিতে পারি। স্যার বোধ হয় এই কথাগুলি শুনতে চাচ্ছিলেন। বললেন, সে যাকগে, অ-এর সূত্র সবক্ষেত্রে একরকম হবে না। ‘অমন সহজ সরল’ এই বাক্যটিতে তিনটি শব্দ আছে। প্রতিটি শব্দের প্রথম বর্ণ বলার সময় অ-কারান্ত, দ্বিতীয় বর্ণের সময় ও কারান্ত আর তৃতীয় বর্ণ বলার সময় হসন্ত বলা হচ্ছে অমোন্ সহোজ্ সরোল্। কিন্তু বানানের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটি বর্ণ অ-কারান্ত। অ-ম-ন/স-হ-জ/স-র-ল। প্রথম বর্ণ অর্থাৎ আদিতে একরকম নিয়ম, দ্বিতীয় বর্ণ অর্থাৎ মধ্যে অন্য রকম নিয়ম এবং তৃতীয় অর্থাৎ অন্তে আর একরকম নিয়ম। তাহলে তোমরা দেখতে পাচ্ছো, অ-এর সূত্র হবে তিনরকম। আদ্য অ-এর সূত্র, মধ্য অ-এর সূত্র এবং অন্ত অ-এর সূত্র।
প্রথমে তোমাদের আমি আদ্য অ-এর সূত্র লিখে দিচ্ছি। তোমরা এটা লিখে নাও।
আদ্য অ-এর প্রথম সূত্র : 
শব্দের প্রথমে যদি অ-থাকে (স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত), তারপরে ই-কার (হ্রস্ব কিংবা দীর্ঘ) উ-কার (হ্রস্ব কিংবা দীর্ঘ), ঋ-কার, ক্ষ, য-ফলা এবং জ্ঞ থাকে তাহলে তার আগের অ-কার সাধারণত ও-কার রূপে উচ্চারিত হয়।
অংকের যেমন একটি ফর্মুলা দেওয়া থাকে এবং সেই ফর্মুলাতে ফেলে অংক করা সুবিধাজনক হয়ে উঠে। আমরা তেমনি ফর্মুলার মত প্রতীক দিতে চেষ্টা করবো যাতে তোমরা ওই প্রতীকী ঘটনা লক্ষ্য করে একই সূত্রে ফেলে সঠিক উচ্চারণ নির্দেশ করতে পারো।
প্রতীক-১) অ+ই=ও (অর্থাৎ ই-কারের প্রভাবে অ-কারটি ও-এর মতো উচ্চারিত হয়)যেমন : অই (ওই), সই (সোই), খই (খোই), দই (দোই), হৈ হৈ (হোই হোই), রৈ রৈ (রোই, রোই), কড়ি (কোড়ি), মতি (মোতি), গতি (গোতি), রতি (রোতি), পতি (পোতি), অতি (ওতি), অহি (ওহি), ছবি (ছোবি), রবি (রোবি), পলি (পোলি), অস্থি (ওস্থি), কবিতা (কোবিতা), সবিতা (সোবিতা), কলিকাতা (কোলিকাতা), অধিক (ওধিক), অগ্নি (ওগ্নি), অর্চিত (র্ওচিতো), অছিলা (ওছিলা), জরিমা (জোরিমা), তনিমা (তোনিমা), অভিনয় (ওভিনয়্), অভিজাত (ওভিজাত্) ইত্যাদি।
প্রতীক-২) অ+ঈ = ও (অর্থাৎ ঈ-কারের প্রভাবে অ-কারটি ও এর মতো উচ্চারিত হয়) যেমন : নঈ (নোই), নদী (নোদি), সতী (সোতি), গভীর (গোভির), শরীর (শোরির), অতীত (ওতিত্), অধীন্ (ওধিন্), মণীষা (মোনিশা), রসবতী (রসোবোতি), গম্ভীর (গোর্ম্ভি), অভীপ্সা (ওভিপ্সা), অহীন্দ্র (ওহিন্দ্রো), পত্নী (পোত্নি) ইত্যাদি।
প্রতীক-৩) অ+উ = ও (অর্থাৎ উ-কারের প্রভাবে অ-কারটি ও-এর মতো উচ্চারিত হয়) যেমন : বউ (বোউ), মউ (মোউ), তবু (তোবু), কভু (কোভু), তরু (তোরু), বকুল (বোকুল), কবুল (কোবুল), অধুনা (ওধুনা), অযুত (ওজুত্), মধুর (মোর্ধু), কবুতর (কোবুর্ত), অনুভব (ওনুভব্), অনুমান (ওনুমান্), অনুশীলন (ওনুশিলন্), অনুকম্পা (ওনুকম্পা), অনুকরণ (ওনুকরন্) ইত্যাদি। 
প্রতীক-৪) অ+ঊ = ও (অর্থাৎ ঊ-কারের প্রভাবে অ-কারটি ও-এর মতো উচ্চারিত হয়) যেমন : বধূ (বোধু), ময়ূর (মোয়ুর), কটূক্তি (কোটুক্তি), করুন (কোরুন), মরূদ্যান (মোরুদ্দান), কর্পূর (র্কোর্পু), মসূর (মোশুর), অনূদিত (ওনুদিতো) ইত্যাদি।
প্রতীক-৫) অ+ঋ-কার = ও (অর্থাৎ ঋ-কারের প্রভাবে অ-কারটি ও-এর মতো উচ্চারিত হয়) যেমন : বক্তৃতা (বোক্তৃতা), যকৃত (জোকৃত্), কর্তৃত্ব (কোরতৃত্তো), কর্তৃপক্ষ (কোরতৃপখ্খো), কর্তৃকারক (র্কোতৃকারোক), ভতৃহরি (র্ভোতৃহরি), ভতৃহীনা (র্ভোতৃহিনা), মসৃণ (মোসৃন্) ইত্যাদি। 
প্রতীক-৬) অ+ক্ষ-কার = ও (অর্থাৎ ক্ষ-এর প্রভাবে অ-কারটি ও-এর মতো উচ্চারিত হয়) যেমন : লক্ষ (লোক্খো), কক্ষ (কোক্খো) দক্ষ (দোক্খো), পক্ষ (পোক্খো), রক্ষ (রোক্খো), যক্ষ (যোক্খো), অক্ষাংশ (ওক্খাংশ), অক্ষরেখা (ওক্খোরেখা), লক্ষণ (লোক্খোন), ভক্ষণ (ভোক্খোন), তক্ষক (তোক্খোক) ইত্যাদি।
প্রতীক-৭) অ+য-ফলা = ও (অর্থাৎ য-ফলার প্রভাবে অ-কারটি ও-এর মতো উচ্চারিত হয়) যেমন : অন্য (ওন্নো), জন্য (জোন্নো), ধন্য (ধোন্নো), গণ্য (গোন্নো), পণ্য (পোননো), নব্য (নোব্বো), সভ্য (শোভ্ভো), সত্য (সোত্তো), বন্য (বোন্নো), বন্যা (বোন্না), কন্যা (কোন্না), কল্যাণ (কোল্ল্যান), গব্যঘৃত (গোব্বোঘৃতো), তথ্য (তোত্থো), পথ্য (পোত্থো), অত্যন্ত (ওত্তোনতো) অধ্যক্ষ (ওদ্ধোক্খো), অত্যাচারিত (ওত্তাচারিতো) ইত্যাদি।
প্রতীক-৮) অ+জ্ঞ = ও (অর্থাৎ জ্ঞ প্রভাবে অ-কারটি ও-এর মতো উচ্চারিত হয়)যেমন : যজ্ঞ (যোগ্গো)
দেয়াল ঘেঁষা চেয়ারের উপর রাখা ব্ল্যাকবোর্ডে সূত্রের প্রতীক লিখে মুখে মুখে রসালো ভঙ্গিতে উদাহরণ দিয়ে যাচ্ছিলেন স্যার। 
দ্বিতীয় দফা চা পর্ব সারতে ব্যস্ত হয়ে পড়লেন স্যার। বোঝা গেল সূত্রের সরস আলোচনায় ক্ষ্যান্ত দিলেন আজ। তবে স্যারের এই ব্যাপারটি আমাদের মন কেড়েছে। সকলের সামনে নির্দ্বিধায় চা-পান পর্ব চালিয়ে যান নিরবে। স্তব্ধ ক্লাসের সকলে সে দৃশ্য উপভোগ করতে করতে ভাবি- সূত্রালোচনা না তাঁর খাওয়াপর্ব কোনটি শিল্প হয়ে উঠেছে? নাকি দুটোই।

ব্যতিক্রমও আছে (আদ্য অ)
পরের ক্লাসে কোন ভূমিকা না করে জিজ্ঞেস করলেন, অ-এর যে সূত্র দিয়েছিলাম, তা কি তোমরা আত্মস্থ করতে পেরেছো? সমস্বরে বলে উঠলাম, হ্যাঁ স্যার। আবার বললেন, শুধু ‘হ্যাঁ স্যার’ বললে চলবে না। চলনে বলনে ব্যবহার করতে হবে। যদি না লাগাও কাজে, তবে শ্রমও হবে বাজে, আর তোমরাও পড়বে লাজে। দাড়ি গোঁফের ফাঁক গলিয়ে বেরিয়ে এলো উদার হাসি। সংক্রমণ ছড়িয়ে পড়তেই উদাত্ত কণ্ঠে শুরু করলেন, সেদিন সূত্রের আলোচনার সময় নিয়মের বেলায় ‘সাধারণত’ শব্দটি বলেছিলাম। কিন্তু কিছু অসাধারণ জায়গা আছে, যেখানে সূত্রমতে উচ্চারিত হয় না। এজন্য ব্যতিক্রমও জানতে হয়। নাহলে অনেক সময় বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিবে। এবার সূত্রের ব্যতিক্রম সম্বন্ধে আলোচনা করবো।
ব্যতিক্রম-ক : শব্দের প্রথমে যদি না-বোধক বা নেতিবাচক ‘অ’ কিংবা ‘অন’ কিংবা সহিতর্থে ‘স’ থাকে তাহলে কোন অবস্থাতেই সেই ‘অ’ কিংবা ‘স’ ও-কারান্ত উচ্চারিত হবে না। এখানে ‘কোন অবস্থাতেই’ বলতে বোঝানো হচ্ছে, অ, অন, কিংবা স এর পর ই-কার, উ-কার, ক্ষ, জ্ঞ যাই আসুক না কেন ‘অ’ অবিকৃত থাকবে।
যেমন : অবিকৃত (অবিকৃতো), অবিচার (অবির্চা), অস্থির (অস্থির), অবিরাম (অবিরাম্), অবিনাশী (অবিনাশি), অনিয়ম (অনিয়ম্), অনিশ্চিত (অনিশ্চিতো), অসীম (অশিম্), অতুল (অতুল্), অনুপম (অনুপম্), অনুপস্থিত (অনুপোস্থিত), অমূল্য (অমুল্লো), অদৃষ্ট (অদৃশ্টো), অতৃপ্ত (অতৃপ্তো), অন্যায় (অন্ন্যায়), অব্যয় (অব্বয়), অটুট (অটুট্), অক্ষম (অক্খম্), অক্ষয় (অক্খয়্), অজ্ঞ (অগ্গোঁ), অজ্ঞান (অগ্গ্যাঁন), সঠিক (সঠিক্), সচিত্র (সচিত্ত্রো), সবিনয় (সবিনয়্), সসীম (শশীম্), সস্ত্রীক (শস্ত্রিক্), সতীর্থ (শতিরথো)।
এই পর্যন্ত ব্লাকবোর্ডে লিখে মুখে মুখে বলে গেলেন আবার। চেয়ারে বসে ধীরে সুস্থে সামনের দিকে তাকিয়ে বললেন, এতক্ষণ যা বললাম, তা যদি তোমরা হৃদয়ঙ্গম করতে পারো, তাহলে আমি পরবর্তী ব্যতিক্রমের দিকে এগিয়ে যেতে পারি। লীনা বসেছিল চুপ করে। অনেকটা ফস্ করে বলে ফেললো, স্যার, না-বোধক ‘অ’ যদি অবিকৃত থাকে, তাহলে অতুল প্রসাদের গানকে; ওতুল প্রসাদের গান বলা হয় কেন? শব্দময় আকর্ণ বিস্তৃত হাসি ছড়িয়ে পড়লো সারা ঘরে। কিছু না বুঝে আমরাও হেসে উঠলাম জোরে। স্যার বলতে শুরু করলেন, তোমাদের যে ব্যতিক্রমটির কথা বলতে চেয়েছিলাম, ওই মেয়েটি সে কথাই পেড়ে বসলো। সে যাকগে, এবার তোমরা চলো পরবর্তী ব্যতিক্রমে।
ব্যতিক্রম-খ : যেখানে কারো নাম বোঝায় সেখানে না-বোধক ‘অ’ কোথাও কোথাও ও-কারান্ত হতে পারে। যেমন ক্লাসের ওই সুদর্শনা মেয়েটি জিজ্ঞেস করেছে ওতুল প্রসাদের গান বলা হয় কেন? এখানে অতুলের স্থলে ওতুল বলা হচ্ছে যেহেতু ওটি একটি নাম। আমাদের দেশের সঙ্গীত শিল্পী ওজিত রায় (অজিত) কিংবা কবি ওসীম (অসীম) সাহার নাম নিশ্চয়ই শুনেছো। অথবা ওবিনাশ (অবিনাশ) দত্ত কিংবা ওনুপম (অনুপম) সেন নামে কাউকে ডাকতে শুনেছো। তবে নামের ক্ষেত্রে অ-যদিও ও-এর দিকে ঝুঁকে যায়, তবু অ-কারান্ত হলে ভালো হয়, তাতে নামের দিক থেকে অর্থগত অসুবিধা হয় না।
ব্যতিক্রম-গ : ইতোপূর্বে আমরা জেনেছি ক্ষ-থাকলে, তার আগের ‘অ’ ও-কারান্ত হয়। যেমন : রোগের লক্ষণ (লোক্খোন্) কিন্তু ক্ষ তে যদি ম-ফলা থাকে, তবে আগের ‘অ’ কোথাও অ-কারান্ত উচ্চারিত হয়। যেমন রামের ভাই লক্ষ্মণ (লক্খোঁন) একইভাবে পক্ষ্ম (পক্খোঁ), যক্ষ্মা (যক্খাঁ)।
অভ্যাসবশত বক্তৃতার সময় স্যার পায়চারী করেন। বক্তৃতার মাঝে মাঝে সাময়িক বিরতিকালে বা প্রসঙ্গান্তরে যাওয়ার সময় চেয়ারে বসে একটু বিশ্রাম নেন। কিন্তু কথা সে সময় থেমে থাকে না। বসে বসেই বলতে শুরু করলেন, এতক্ষণ আমরা সূত্র এবং ব্যতিক্রম আলোচনার মাধ্যমে অ-এর প্রথম বিধি অতিক্রম করলাম মাত্র। এরপর আমরা দ্বিতীয় বিধিতে যাব। আশা করি, প্রথম বিধির তুলনায় দ্বিতীয় বিধি সহজ মনে হবে তোমাদের কাছে।
(চলবে)

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

শুদ্ধ উচ্চারণ বিষয়ক বক্তৃতা : অধ্যাপক নরেন বিশ্বাস

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের বাকশিল্পাঙ্গনে আমি তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। তোমরা এখানে এসেছো, জানার জন্যে, কিভাবে বাংলা প্রমিত উচ্চারণে অভ্যস্ত হওয়া যায়, কিভাবে সমাধান খুঁজে পাওয়া যায়? তোমরা সারাজীবন বাংলা ভাষায় লেখাপড়া করেছো, কথা বলেছো, কিন্তু তা সত্ত্বেও ভুল উচ্চারণে তোমাদের ভাষা কণ্টকাকীর্ণ আর এজন্যে প্রথমেই জানতে হবে, আমাদের প্রমিত উচ্চারণে মূল সমস্যাটা কোথায়?
বাংলা ভাষা উচ্চারণের ক্ষেত্রে, বিশেষ করে প্রমিত উচ্চারণের ক্ষেত্রে সমস্যার জন্য আমি তোমাদের মূল পাঁচটি কারণের ব্যাখ্যা দিতে চাই। এই কারণগুলি হলো : 
১) বাঙলা ভাষার লিখিতরূপের সঙ্গে বহুক্ষেত্রে তার উচ্চারিত রূপ একই হয় না। 
২) বাঙলা ভাষার বর্ণ আছে একাধিক, কিন্তু তার ধ্বনি প্রতীক এক। আবার বর্ণ আছে একটি, কিন্তু তার ধ্বনি একাধিক।
৩) আমাদের উচ্চারণে প্রায়শ মহাপ্রাণ বর্ণগুলো অল্পপ্রাণ হয়ে যায়।
৪) আমাদের আঞ্চলিকতার সমস্যা।
৫) বাঙলা ভাষার প্রতি আমাদের দরদ ও আন্তরিকতার অভাব।

এজন্য আমাদের অবহেলা ও অযত্ন দায়ী।

সমস্যা নম্বর এক : আমাদের ভাষার লিখিত রূপ আর উচ্চারিত রূপ সর্বত্র এক নয়। কারণ বেশীরভাগ ক্ষেত্রে আমাদের বানান পদ্ধতি মূলতঃ সংস্কৃত ভাষা প্রভাবিত এবং উচ্চারণ পদ্ধতি প্রাকৃত প্রভাবিত। ফলে লিখিতরূপে যেখানে সংস্কৃত ব্যকরণের অনুসরণ; উচ্চারিতরূপে যদি প্রকৃত ব্যকরণের অনুসরণ হয় তবে এই দ্বৈরাজ্যিক প্রভাব, আমাদের ভাষার এই নৈরাজ্যিক অবস্থার জন্য দায়ী। রবীন্দ্রনাথ একবার ক্ষেদ করে বলেছিলেন, আমরা লিখি সংস্কৃত ভাষায়, কিন্তু সেটা পড়ি প্রাকৃত বাঙলায়। অর্থাৎ আমাদের বানান পদ্ধতি আর উচ্চারণ পদ্ধতি এক নয়। এ ব্যাপারে তোমাদের দু-একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই। যেমন আমরা বলি আমি আত্মীয় (আত্তীঁয়) বাড়ীতে যাব, এখন এই যে আত্মীয়, এখানে ম-ফলা আছে, যদি লেখা অনুসারে পড়তে হয়, তাহলে বলতে হয় আত্মীয় বাড়ীতে যাব, না গেলে ভসমো হয়ে যায়। আসলে ভস্ম (ভস্ সো)
যেমন লেখা হচ্ছে বিশ্ব, বানান অনুসারে পড়তে গেলে বলতে হয় বিশবো। কিন্তু উচ্চারণ করা হচ্ছে বিশশো। বিদ্বান এবং উদ্যানের ক্ষেত্রে বলা হচ্ছে বিদ্দান এবং উদ্দান, কিন্তু বানান অনুযায়ী যদি উচ্চারণ করা হতো তাহলে বলতে হতো বিদ্বান এবং উদ্দ্যান। সংস্কৃত লিখিতরূপে আলাদা ছিল এবং উচ্চারণও ছিল ভিন্ন। কিন্তু বাঙলাতে ঐ বানানটি নেওয়া হলো, কিন্তু উচ্চারণটি পৃথক হয়ে গেল। ফলে আমাদের লেখায় যেমন লিখতে হয়, তেমনি বলাটাও শেখার দরকার। তাহলে আমাদের জানা দরকার, বাঙলা ভাষার লিখিত রূপ এবং উচ্চারিত রূপ কোথায় এক নয়। কেন এক নয়, কিভাবে উচ্চারণ করতে হয়। এগুলো বুঝলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং মূলের ভুল যদি দূর করা না যায় তাহলে কোনদিনই বিচিত্র বর্ণের ফুলও ফুটবে না।

সমস্যা নম্বর দুই : বাঙলা বর্ণমালায় আমরা বিস্ময়কর ভাবে লক্ষ্য করি, একাধিক বর্ণের ধ্বনিগত উচ্চারণ এক। যেমন দুটো ন আছে বাংলায় একটি হলো মুর্ধন্য-ণ আর একটি দন্ত্য-ন। কিন্তু এই দুটো ন কে আমরা ভিন্নরকম উচ্চারণ করি না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে জনগণ। এখানে জনতে দন্ত্য ন থাকলেও গণ এ আছে মূর্ধন্য ণ। কিন্তু উচ্চারণের সময় দুটো ন এর কোন পার্থক্য থাকছে না। আবার জ আছে দুটো। একটি বর্গীয় জ এবং আর একটি হলো অস্তস্থ য। কিন্তু জামাই এবং যম শব্দ দুটোতে দুরকম য থাকলেও উচ্চারণে কোন ভিন্নতা পাওয়া যায় না। মুখে জমে থাকা পানের রস চুক্ করে গিলে ফেলে একটু যেন অপ্রস্তুত হলেন স্যার। সামনের সারিতে বসা মুনিরা, লাবনী, খোকনদের তন্ময় ভাব লক্ষ্য করে নিজের জগতে ফিরে গেলেন যেন। গুরুগম্ভীর অথচ শ্রুতিমধুর ধ্বনিময়তা আবার আচ্ছন্ন করে ফেললো উন্মুখ হৃদয়গুলোকে। দেখো তোমরা, একটি নয়, দুটি নয়, তিনটি স। একটাকে বলে তালব্য, একটাকে বলে মূর্ধন্য আর একটাকে বলে দন্ত্য। এই যে তিনটি শ, এই তিনটি স-ই কিন্তু বাঙলা ভাষাতে আমাদের উচ্চারণে এক হয়ে যায়। কারণ আমরা শেষে কিন্তু বলি তালব্য-স, মূর্ধন্য-স, দন্ত্য-স অর্থাৎ স, ষ এবং শ। তিনটি স-এর চেহারা আলাদা উচ্চারণ এক। একটি উদাহরণ দিলে তোমাদের কাছে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। “সবিশেষ” লিখতে তিনটি স-ই ব্যবহৃত হচ্ছে। কিন্তু উচ্চারণে তিনটি স-এর কোন ভিন্নতা খুঁজে পাওয়া যায় না। পায়চারী শেষ করে চেয়ারে বসতে বসতে বলে চললেনÑ বর্ণ আছে একটি, কিন্তু তাকে ঘিরে ধ্বনি একাধিক। স্বরবর্ণের প্রথম বর্ণ-অ। এটা কোথাও ‘অ’ এর মতো উচ্চারিত হয়। আবার কোথাও ‘ও’ এর মতো উচ্চারিত হয়। যেমন অত (অ অবিকৃত) ভাবার দরকার নেই, অতি (অ-ও এর মতো) বাড় বেড়ো না। আমি কব (অ-অবিকৃত) না কথা, আমি কবি (অ ও এর মতো) না। আবার নটবর এবং নই শব্দ দুটোতে দেখা যাচ্ছে নটবর এর অ ঠিক অ-এর মত উচ্চারিত হয়, কিন্তু নই এর অ ও এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ একই অ কখনো অ-এর মতো, আবার কখনো ও এর মতো আচরণ করছে। আমরা বলি একটি একটি করে উদাহরণ দেব। আর যখন বলবো, না, একটি নয়, একটা একটা করে উদাহরণ দেব। এই যে একটি এবং একটা। যখন টি বলছি তখন এ অবিকৃত থেকে এ এর মতো আচরণ করছে। কিন্তু যখন টা বলছি তখন এ ভোল পাল্টে অ্যা এর মতো আচরণ করছে। তাহলে আমরা একই বর্ণের একাধিক উচ্চারণ লক্ষ্য করতে পারছি কিনা বল তোমরা।
আবার বললেন, তোমাদের মতি যদি ঠিক থাকে, তবে গতিও ঠিক থাকবে, আর তাতে তোমাদের ক্ষতির সম্ভাবনা থাকবে না বললেই চলে।

সমস্যা নম্বর তিন : তোমরা হয়তো জানো, প্রাণ মানে বাতাস। যে বর্ণ উচ্চারণ করতে বাতাস কম লাগে তাকে বলা হয় অল্পপ্রাণ, আর বাতাস বেশী লাগলে তাকে বলি মহাপ্রাণ। বাঙলা বর্ণমালায় যে পাঁচটি বর্গ আছে, ওই প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্গগুলি হচ্ছে মহাপ্রাণ। খ-ছ-ঠ-থ-ফ-ঘ-ঝ-ঢ-ধ-ভ এই দশটি বর্ণকে যদি আমরা আলাদা করে ফেলি এবং তাদের যথাযথ অনুশীলন করি, তবে প্রাণগত সমস্যার উত্তরণ ঘটবে বলে আমার বিশ্বাস। কিন্তু আমাদের দেশে প্রায়শ আমরা উচ্চারণে মহাপ্রাণ ধ্বনিকে অবহেলা, অযত্ন করি। ফলে ধ্বনি বিনষ্ট বা ম্রিয়মান হয়ে অল্পপ্রাণের মতো আচরণ করে। কখনো কখনো বিলুপ্তও করে ফেলি মহাপ্রাণ ধ্বনিকে। তোমাদের আমি দু’একটি ঘটনার কথা বলি তাতে তোমরা বর্তমান অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। বাংলাদেশ টেলিভিশনে একদিন আমার রেকর্ডিং এ স্বাভাবিক সময়ের চেয়ে বেশী সময় ব্যয় হওয়ায় এক ছাত্রকে বললাম যে তুমি ফেরার পথে আমার বাসা হয়ে যেও। তোমার বৌদিকে জানিয়ে দিও, আমার ফিরতে দেরী হবে। তারা যেন আমার জন্য চিন্তা না করে। সে বললো কি জানো? বললো, স্যার আপনার বাসায় গিয়ে বৌদিকে কবর দিয়ে দেব। আমি বললাম, আমার একটি মাত্র বউ, আর তাকে তুমি জ্যান্ত কবর দিয়ে দিবে? সে কিন্তু বেশ লজ্জা পেল। আর একদিন, রোকেয়া হলের সামনে দিয়ে আমি হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। পরিচিত কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে দেখা হতেই জিজ্ঞেস করলাম তোমরা কি করছ? চট্ করে একজন বললো, স্যার, আমরা আমরা খাচ্ছি। আমি বললাম, ঠিক আছে, তোমরা তোমাদের খেতে থাক। আমার বরং এখান থেকে চলে যাওয়াই শ্রেয়। এরকমভাবে প্রায়শই আমাদের উচ্চারণ বিভ্রাটের ফলে ভাত হয়ে যায় বাত, খাল হয়ে যায় কাল, ঝাল হয়ে যায় জাল, কথা হয়ে যায় কতা। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে এর স্থলে যদি বলা হয় অন্দ হলে কি প্রলয় বন্দ থাকে তাহলে অবস্থা কোন পর্যায়ে যায় তোমরা নিশ্চয় বুঝতে পারছো? ডাক্তার যদি নাড়ী ধরার পরিবর্তে নিত্যনূতন নারী ধরা শুরু করেন, তাহলে ডাক্তারী পেশা না, তার জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে না?

সমস্যা নম্বর চার : বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে বিভক্ত। এবং সকল অঞ্চল মিলিতভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একেক অঞ্চলের মানুষের মুখের ভাষার টান, স্বর প্রক্ষেপণ, বাকরীতি, বাক্যের সুর এবং স্বর ভিন্ন প্রকৃতির হওয়ায় অপর অঞ্চলের মানুষের মুখের ভাষার সঙ্গে স্পষ্ট পার্থক্য ধরা পড়ে। এটিকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা। নোয়াখালী অঞ্চলের লোক যখন ময়মনসিংহ অঞ্চলের লোকের সঙ্গে কথা বলে অথবা রংপুরের লোক যখন চট্টগ্রামের কারো সাথে কথা বলে তখন আমরা চারটি আঞ্চলিক ভাষার কথা শুনতে পাই। কিন্তু পত্র লেখার সময় সাধ্যমত আঞ্চলিক ভাষা পরিহার করে প্রমিত বাঙলায় লেখার চেষ্টা করে এরা সকলেই। তাহলে বুঝতেই পারছো লিখিত রূপটির বেলায় আমরা সচেতন থাকলেও মুখের ভাষার ব্যাপারটিতে আঞ্চলিকতা পরিহার করার কোন গরজ আমাদের নেই। অর্থাৎ লেখার ভাষা এক হলেও বলার ভাষা আলাদা। 
আমি তোমাদের আঞ্চলিক ভাষাকে অবহেলা বা উপেক্ষা করতে বলছি না। যখন তুমি মায়ের কাছে বা গাঁয়ে যাবে বা আঞ্চলিক কোন চরিত্রে অভিনয় করবে তখন আঞ্চলিক ভাষাতে কথা বললে কোন আপত্তি নাই। কিন্তু যখন সবার জন্য বলবে বা সভাতে বলবে তখন আঞ্চলিক ভাষা পরিহার করবে। তবে একটি কথা তুমি যদি সারাক্ষণ পা টেনে হাঁটতে থাকো, তবে তোমার হাঁটার ঐ বৈশিষ্ট্য ত্যাগ করে হঠাৎ তোমার হাঁটাহাটি সুন্দর করতে পারবে না। সুন্দর হাঁটার জন্য তোমাকে সব সময়ই সুন্দরভাবে পা ফেলার অনুশীলন করে যেতে হবে। ঠিক সেরকমই, প্রমিত ভাষার উচ্চারণ দক্ষতা অর্জনের জন্য বা উত্তরণের জন্য তোমাকে আঞ্চলিক ভাষার বেশ কিছু বৈশিষ্ট্য ত্যাগ করতে হবে। আঞ্চলিক ভাষাকে বর্জন করে প্রমিত ভাষার উচ্চারণে অভ্যস্ত হয়ে উঠার জন্য এর কোন বিকল্প নেই। 

সমস্যা নম্বর পাঁচ : এটি হলো আমাদের জাতীয় সমস্যা তোমাদের সুন্দর পোষাক পরিচ্ছদ ও মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সময় ব্যয় করে থাকো, মুখের ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই সময়টুকু ব্যয় করো কিনা, তা তোমরা হলফ করে বলতে পারবে? একজন বিশিষ্ট ব্যক্তি বক্তৃতা দেয়ার সময় অবলীলায় বলেছেন সনমানিত সবাপতি। কিন্তু তিনি কি ইংরেজি বক্তৃতা দেবার সময় বলবেন হনারেবল ফ্রেসিডেন্ট। কখনোই তিনি এমন ভুল করবেন না। কারণ তিনি ইংরেজি শেখেন। রপ্ত করেন, কিন্তু বাঙলা তাঁর মাতৃভাষা হলেও এটি শেখার জন্য কোন গরজ অনুভব করেন না। 

তিনটি জিনিসের ঋণ জীবনে শোধ দেওয়া যায় না। তিনটি ম। একটি হল মা, একটি হলো মাটি এবং একটি হলো মাতৃভাষা। মা আমাদের জন্ম দেয়, মাটি আমাদের লালন করে আর মাতৃভাষা আমাদের প্রকাশ করে। আসলে আত্মপ্রকাশের জন্য মাতৃভাষার কোন বিকল্প নেই। ভাষা ভাল বললে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। কিন্তু সেটাতো এমনি এমনি ঘটবে না। তার জন্য বারংবার অনুশীলন করতে হবে। কিছু পেতে হলে তোমাকে কিছু দিতে হবে। প্রেম কখনো একতরফা হয় না। তুমি ভাষার বিনিময়ে তোমার অস্তিত্বকে বিজ্ঞাপিত করবে সুন্দরভাবে এবং তুমিও সাধনার মধ্য দিয়েই সার্থক হবে।
(চলবে)